রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের

তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আওয়ামী লীগের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজাকারের তালিকায় ভুলত্রুটি নিয়ে ইতিমধ্যে           দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীও এই তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই দলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কেউ অপরিহার্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তার শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে যেতে হবে।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।