বোতলে বারো মাস পেঁয়াজ চাষ

বাজারে পেঁয়াজসংকট। আমদানি করা বিদেশি পেঁয়াজও কিনতে হচ্ছে চড়া দামে। তাই বারো মাস পেঁয়াজ চাষ করার পরিকল্পনা থেকে বোতলে পেঁয়াজ চাষ শুরু করেছেন আতাউর রহমান খান নামের এক কৃষক। তার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। তিনি শুরুতে একটি বোতলে পরীক্ষামূলক এই পেঁয়াজ চাষ করেন। স্বল্প খরচে অল্প দিনেই ভালো ফল পান। এরপর বাড়িতে বারো মাস বোতলে পেঁয়াজ চাষের সিদ্ধান্ত নেন।

আতাউর রহমান জানান, পেঁয়াজের কেজি ২০০ থেকে ৩৫০ টাকায় ওঠায় তিনি বোতলে বারো মাস পেঁয়াজ চাষ করার সিদ্ধান্ত নেন। শুরুতে একটি বড়ো প্লাস্টিকের বোতল পানি ও জৈব সার দিয়ে ভরাট করেন। তারপর বোতলটির গায়ে ছোটো ছোটো ছিদ্র করেন। বাজার থেকে ছোটো ছোটো পেঁয়াজ কিনে তা ওই বোতলে রোপণ করেন। এক সপ্তাহের মধ্যেই বোতলের ছিদ্র দিয়ে পেঁয়াজের পাতা গজাতে থাকে। তিন মাসের মধ্যেই এই পেঁয়াজ তোলা যায়। প্রতিটি আড়াই লিটারের বোতলে আধা কেজি পেঁয়াজ রোপণ করা যায়।  সর্বোচ্চ ৫০টি পেঁয়াজ এক বোতলে রোপণ করা যাবে। প্রতিটি বোতলে রোপণকৃত আধা কেজি পেঁয়াজ থেকে পাঁচ কেজি পর্যন্ত পেঁয়াজের ফলন পাওয়া যাবে। একটি বোতল থেকে বছরে আধা মণ পেঁয়াজ উত্পাদন করা সম্ভব।

তিনি আরো বলেন, এই পদ্ধতিতে খুব সহজেই বাড়ির ভেতরে কিংবা ছাদে পেঁয়াজ চাষ করা যায়। সুবিধামতো যেখানে-সেখানে বহন করা যায়। তেমন কোনো পরিশ্রম হয় না। খেতের পেঁয়াজের চাইতে দ্রুত বেড়ে ওঠে। সবচেয়ে বড়ো কথা হলো এই পেঁয়াজ বারো মাস চাষ করা যায়। তাই সবাই এভাবে চাষ করলে পেঁয়াজের আর সংকট থাকবে না। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বাড়ির আনাচে-কানাচে বাড়ির বারান্দা বা উঠোনে এই বোতলের সাহায্যে পেঁয়াজ চাষ করা যায়। স্বল্প খরচে স্বল্প পরিসরে অব্যবহূত বোতলে এই পেঁয়াজ চাষ করা সম্ভব। আমরা অন্য কৃষকদের এই বিষয়ে উদ্ধুদ্ধ করছি।