বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যকে ফাঁসাতে গিয়ে এবার আওয়ামী লীগ নিজেই ফেঁসে গেছে। প্রকাশিত রাজাকারের তালিকায় দেখা যায়, অধিকাংশই আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী। এতে জনগণ বিস্মিত নয়, কারণ ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। প্রকাশিত তালিকায় প্রমাণিত হয়েছে, জনগণের সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখেননি, তারা এখন মুক্তিযুদ্ধের চেতনার তেজারতি করছেন। তারাই অপপ্রচারে আর কুত্সা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছেন। রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়ে আরেক কেলেঙ্কারির জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে রিজভী বলেন, দেশনেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল পাননি তার বোনসহ পরিবারের সদস্যরা। বেগম জিয়া বর্তমানে ভয়াবহ জীবন-মৃত্যুর সংকটের মধ্যে রয়েছেন। তিনি হাঁটাচলা করতে পারেন না। খেতে পারছেন না। চিকিত্সার অভাবে তার বেশ কয়েকটি রোগ চরম আকারে পৌঁছেছে। তার ব্যক্তিগত চিকিত্সক ডা. শামীম এবং ডা. মামুনকে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় যেতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।