ধামরাইয়ে বাড়ছে লাল বাঁধাকপির চাষ

 ধামরাই (ঢাকা) সংবাদদাতা

সবজির উপজেলা হিসেবে পরিচিত ঢাকার ধামরাইয়ে ক্রমান্বয়ে বাড়ছে লাল বাঁধাকপির চাষ। উত্পাদন ব্যয়, স্বাদ, পুষ্টিমান, বাজারমূল্য, উত্পাদনের পরিমাণ—সবকিছু মিলিয়ে সাধারণ বা সবুজ বাঁধাকপির তুলনায় অধিক লাভজনক হওয়ায় সবজি চাষিরা লাল বাঁধাকপি চাষের দিকে ঝুঁকে পড়ছেন। ধামরাইয়ের সূতিপাড়া, সোমভাগ, সানোড়া, রোয়াইল, গাঙ্গুটিয়াসহ বিভিন্ন ইউনিয়নে এবং পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকায় রেড ক্যাবেজ চাষ হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইর কৃষি কর্মকর্তা কৃষিবিদ আওলাদ হোসেন জানান, ২০১৬ সালে ধামরাইয়ে তাদের উদ্যোক্তা চাষিরা পরীক্ষামূলকভাবে রেড ক্যাবেজ চাষ শুরু করেন। অধিক লাভজনক ও চাহিদার কারণে চাষিদের মাঝে লাল বাঁধাকপি চাষের আগ্রহ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তিনি আরো বলেন, রেড ক্যাবেজ দেখতে সুন্দর। এতে ভিটামিন ও খনিজের পরিমাণ অন্যান্য কপির তুলনায় বেশি। সেক্সফেরোমন ফাঁদ ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করে চাষিরা এসব ক্যাবেজ উত্পাদন করছেন। সংস্থার সিইও সামছুল হক জানান, তাদের উদ্যোক্তাদের মাধ্যমে অধিক পুুষ্টিগুণসম্পন্ন লাভজনক আরো কিছু নতুন সবজি চাষের পরিকল্পনা তাদের আছে। বাসনা গ্রামের সবজি চাষি আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম জানান, তাদের ক্যাবেজ জমি থেকে অগ্রিম বিক্রি হয়ে যায় এবং পাইকাররা এসে জমি থেকে নিয়ে যায়।