ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানজটে ভোগান্তি

g  হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানজটে প্রতিদিন লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছ। এখানে যানজট সৃষ্টির অন্যতম কারণ কায়েমপুর সংলগ্ন এবিসি স্কুলের সামনের গাড়ির অবৈধ পার্কিং। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের গাড়ি স্কুলের সামনে জড়ো হয়। এতে যানজটের সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। সরেজমিন দেখা যায়, এবিসি স্কুলে নেই কোনো পার্কিং ব্যবস্থা। ফলে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি সড়কে যততত্র পার্কিং করে রাখা হয়েছে। এতে সড়ক সরু হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। স্কুলের সামনে থেকে গাড়িগুলো কায়েমপুর বটতলা পর্যন্ত পার্ক করে রাখা হয়েছে। যানজটের কারণে সড়কের এই অংশটি অতিক্রম করতে মাঝেমধ্যে আধা ঘণ্টার বেশি সময় লেগে যায়। যেখানে সময় লাগার কথা মাত্র দুই মিনিট। অন্যদিকে এ সমস্যার সমাধানে স্কুল কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।  ভুক্তভোগীরা বহুদিন যাবত্ ক্ষোভ প্রকাশ করলেও কোনো সমাধান হচ্ছে না।

যানজটে পড়ে থাকা একজন যাত্রী জানান, এই সড়কের যানজট নিয়মে পরিণত হয়েছে। এতো আইন থাকার পরও আইনের তোয়াক্কা না করে তারা সড়কে অবৈধভাবে গাড়ি রাখছেন। প্রতিদিন ব্যবসার কাজে সকালে ঢাকা যেতে হয়। যখনই যাই তখনই যানজটে পড়তে হয়। যাত্রীদের ভোগান্তির কথা ভেবে এই সমস্যা সমাধানে জরুরি প্রদক্ষেপ নেওয়া উচিত।

সস্তাপুর এলাকার গার্মেন্টস ব্যবসায়ী শাহীন বলেন, এবিসি স্কুল প্রতিষ্ঠার পর থেকে এই রাস্তায় যানজট বেড়েছে। আর এর কারণ হলো এবিসি স্কুলের সামনে অবৈধ গাড়ি পার্কিং। মিয়া নামে আরো এক ব্যক্তি বলেন, যানজট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সকলের অসচেতনার কারণে যানজট সৃষ্টি হয়। তাই সকলের ট্রাফিক আইন মেনে চলা উচিত। যানজট সমস্যা নিরসনের বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ করা হয়নি। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পরিদর্শক সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।