নির্দেশ না মেনে ফের চালু

ঝুঁকিপূর্ণ মানিকগঞ্জ পৌর মার্কেট

g  মানিকগঞ্জ প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ও অবৈধ মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের কার্যক্রম ফের চালু করেছে পৌর কর্তৃপক্ষ। এতে আবার ঝুঁকিতে পড়েছেন ব্যবসায়ীরা। তত্কালীন পৌর মেয়র রমজান আলী মানিকগঞ্জ সড়ক বিভাগের কাছ থেকে লিজ নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করেন চারতলাবিশিষ্ট পৌর মার্কেট। পরে লিজের শর্ত ভঙ্গ করে মার্কেট নির্মাণ করায় লিজ বাতিল করে দেয় মানিকগঞ্জ সড়ক বিভাগ। মার্কেটিতে প্রায় এক হাজার দোকান রয়েছে। পৌর কর্তৃপক্ষ মার্কেটটি ঝুঁকিপূর্ণ সন্দেহে জেমস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিংকে মার্কেটটি টেস্টের দায়িত্ব দেয়। জেমস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিংয়ের কর্ণধার প্রকৌশলী জাকির হোসেন সেই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২৭ নভেম্বর তার রিপোর্টে মার্কেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে লিখিত রিপোর্ট পৌর কর্তৃপক্ষকে প্রদান করেন।

রিপোর্টে আরো বলা ছিল—মাকের্টটি সংস্কার করলে ছয়তলা পর্যন্ত নির্মাণ করা সম্ভব। এছাড়া মার্কেটটিতে তুলনামূলক বেশি দোকান নির্মাণ করায় মার্কেটি বেশি লোড ধারণ করছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ তা না মেনে ঝুঁকিপূর্ণ ভবনেই কার্যক্রম পরিচালনা করছিল। মানিকগঞ্জ সড়ক বিভাগ গত ২৮ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকির উপস্থিতিতে পৌর সুপার মার্কেটের সামনের অংশ ভেঙে দেয় এবং ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে মার্কেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এছাড়া ঝুঁকিপূর্ণ উক্ত ভবনের অবশিষ্ট অংশ অতি দ্রুত অপসারণের জন্য পৌর মেয়রকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়। জেমস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিংয়ের কর্ণধার প্রকৌশলী জাকির হোসেন বলেন, মার্কেকটি তিন বছর যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে সামনের অংশ যে পদ্ধতিতে ভাঙ্গা হয়েছে তাতে আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্প হলে রানা প্লাজার মতো একটি দুর্ঘটনা ঘটবে।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, আমরা পৌর কর্তৃপক্ষকে মার্কেটটি নিজ দায়িত্বে পুরো ভেঙে ফেলার নির্দেশ দেই। কিন্তু পৌর কর্তৃপক্ষ তা না মেনে সওজের জায়গায় জোরপূর্বক ঝুিঁকপূর্ণ মার্কেট চালু করেছে। আমরা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম মার্কেটটি ঝুঁকিপূর্ণ স্বীকার করে বলেন, আমরা মার্কেটের জায়গার বিষয়ে উচ্চ আদালতে আপিল করেছি। রায় আমাদের পক্ষে রয়েছে।