সামরিক সচিবের লাশ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের লাশ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেখানে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, ‘প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএমএইচে পৌঁছান। তিনি সেখানে মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদীনের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অবস্থান করেন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেজর জেনারেল জয়নুল আবেদীন গত মঙ্গলবার বিকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি সিঙ্গাপুরের ঐ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।