বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

জিএম পদোন্নতিতে ১৭ কর্মকর্তার সাক্ষাত্কার

রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতির জন্য ১৭ কর্মকর্তার সাক্ষাত্কার নিয়েছে এ সংক্রান্ত সরকারের গঠিত কমিটি। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকে এ সাক্ষাত্কার নেওয়া হয়। সাক্ষাত্কার গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন-অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব অরিজিত্ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের।

জানা যায়, সাক্ষাত্কারে প্রার্থীদের ব্যাংক সংক্রান্ত আইন সংস্কার, মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন রোধে করণীয় নির্ধারণ, খেলাপি ঋণ কমাতে অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি গঠন, ফিন্যান্সিয়াল টেকনোলজি, ব্লকচেইন টেকনোলজি, ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম ইত্যাদি যে কোনো একটি বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করতে বলা হয়। 

যে সব কর্মকর্তাদের সাক্ষাত্কার নেওয়া হয় তারা হলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম মো. গিয়াস উদ্দিন ও মনির উদ্দিন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তৌহিদা খাতুন ও মফিজুল হক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মো. আলাউদ্দিন, জামিল আহমেদ, মেহের সুলতানা, প্রলয় কুমার ভট্টাচার্য, জাহাঙ্গীর হোসেন ও নাজমুল হোসেন এবং কর্মসংস্থান ব্যাংকের গৌতম সাহা, মো. আবুল কাসেম ফকির, এমএম মাহবুব আলম, আবদুল খালেক মিয়া, মো. মাজেদুর রহমান, জিএম রুহুল আমিন ও মো. শফিউল আজম। 

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের জন্য নীতিমালা জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ঐ নীতিমালায় রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে মহাব্যবস্থাপক বা জিএম পদে পদোন্নতির ক্ষমতা ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়া হয়। তবে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি ক্ষমতা রাখা হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির ক্ষমতা আগের মতোই মন্ত্রণালয়ের কাছেই রয়েছে।