টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লেদা রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি ও ডাকাত সদস্য আব্দুল করিম (৩৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত করিম ওই ক্যাম্পের ডি-ব্লকের এফপিসি নং-২৬৩৩৩৭০ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে। 

টেকনাফ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ট্যুরিজম সংলগ্ন এলাকায় অভিযানে গেলে সশস্ত্র ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে র‌্যাব সদস্য আব্দুল মান্নান ও শহীদুল ইসলাম আহত হন। এসময়  আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় করিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত র‌্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ করিমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: পাবনায় শীতের তীব্রতা, তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, ১টি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড খালি খোসা ও বুলেট উদ্ধার করা হয়েছে। সে একজন তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, খুন, ডাকাতি ও অপহরণসহ ৪টি মামলা রয়েছে ‘ 


ইত্তেফাক/এএএম