তথ্যপ্রযুক্তি ডেস্ক
আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম ও একমাত্র বাংলাদেশি মোবাইল ফোন উত্পাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এই সনদ অর্জন করেছে। সনদগুলো হচ্ছে—আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১:২০১৮ (ওক্যুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)।
সূত্রমতে, আন্তর্জাতিকমানের পণ্য উত্পাদন ব্যবস্থাপনা ও উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং কারখানার উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওই তিন ক্যাটাগরিতে আইএসও সনদ পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। বাংলাদেশি মোবাইল ফোন উত্পাদনকারী প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনই সম্মানসূচক আইএসও সনদ অর্জন করল। যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস (ইউকেএএস) এর অন্তর্ভুক্ত ইউরোপভিত্তিক নিরীক্ষাকারী প্রতিষ্ঠান এজেএ বাংলাদেশ কারখানার সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও নিরীক্ষার পর ওয়ালটনকে এ সনদ দিয়েছে।
ওয়ালটন মোবাইলের হেড অব অপারেশন্স এস এম রেজওয়ান আলম জানান, ক্রেতা-চাহিদা অনুযায়ী উচ্চ মানের মোবাইল ফোন উত্পাদন ও সরবরাহ করায় কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ পেয়েছে ওয়ালটন। গ্রাহক ও অন্যান্য অংশীজনদের চাহিদা অনুযায়ী সঠিক ও মানসম্পন্ন মোবাইল ফোন উত্পাদন, সরবরাহ ও মানোন্নয়নের ক্ষেত্রে এ স্বীকৃতি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
এদিকে পরিবেশ সুরক্ষায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উত্পাদনপ্রক্রিয়া থেকে শুরু করে কারখানার সর্বত্র পরিবেশগত কর্মদক্ষতা বৃদ্ধি করার স্বীকৃতিস্বরূপ আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ অর্জন করেছে দেশের প্রথম মোবাইল ফোন উত্পাদনকারী প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০১৭ সালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দেশের প্রথম ও একমাত্র মোবাইল ফোন উত্পাদন কারখানা চালু করে ওয়ালটন। এর মাধ্যমে মোবাইল ফোনে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণতা পায়। কারখানা চালুর পর এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মোবাইল ফোন উত্পাদন ও বাজারজাত করেছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে ১৬ লাখ স্মার্টফোন এবং ৪৪ লাখ ফিচার ফোন। সাশ্রয়ী দামে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট দিয়ে গ্রাহকপ্রিয়তা অর্জন করেছে ওয়ালটন।
আইএসও সনদ প্রাপ্তির ফলে বাংলাদেশে তৈরি ওয়ালটন মোবাইলের প্রতি গ্রাহকদের আস্থা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযু্ক্ত ফোন বিশ্ববাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে।