বিনোদন রিপোর্ট
শীতে কাবু সারাদেশ। সাতক্ষীরায়ও শীতের প্রকোপ অনেক বেশি। এরমধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে। ছবির ৭০ ভাগ শুটিং হবে সুন্দরবনে—এমনটাই জানালেন ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপংকর দীপন।
সিনেমাটিকে তারকাবহুল বলা যায়। আজ থেকে শুটিংয়ে চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, জিয়াউল রোশানসহ অন্যান্য শিল্পীরাও অংশ নেবেন। এর আগে ১ বছরের অধিক সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছে পরিচালক ও তার টিম। এছাড়া সিনেমায় অভিনয়ের জন্য শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করা হয়। যেখানে ছবির পরিচালক স্ক্রিপ্ট বুঝিয়ে দেন সবাইকে। এছাড়া এই সিনেমার অভিনয়শিল্পীদের গাজীপুর র্যাব প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন র্যাবের কর্মকর্তারা।
পরিচালক বলেন, ‘প্রথমদিনের এই শুটিংয়ে অংশ নেবেন মনোজ প্রামাণিক ও সামিনা বাশার। পরদিন থেকে রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, তাসকিনসহ ইউনিটের সবাই শুটিংয়ে অংশ নেবেন। সাতক্ষীরায় সিনেমাটির শুটিং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি পর্যন্ত খুলনায় শুটিং হবে।
ছবিটি নিয়ে দীপন বলেন, ‘সুন্দরবনে এক সময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতো না। এখন সুন্দরবন দস্যু শূন্য। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে সিনেমাটি।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারের অর্থায়নে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।