রুহিয়ায় যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা!

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় সরকারি অনুমোদন ছাড়া ও কোনো নিয়মনীতি না মেনেই যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। কৃষিজমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বনাঞ্চল ও পাকা সড়ক ঘেঁষেই গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। ঐসব ইটভাটায় ব্যবহারের জন্য কেটে নেওয়া হচ্ছে কৃষিজমির টপ সয়েল। এতে এলাকার কৃষিজমি এখন বিপর্যয়ের শঙ্কায় রয়েছে।

রুহিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এই উপজেলায় অধিকাংশ ইটভাটা নিয়মনীতি মেনে নির্মাণ করা হয়নি। এ কারণে তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য কৃষি অধিদফতর থেকে  কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয়নি। ইটভাটার কারণে কৃষিজমির অনেক ক্ষতি হচ্ছে। মন্ডলাদাম গ্রামের মুন্সী ব্রিকস ইটভাটার মালিক মো. মনসুর জানান, পরিবেশ অধিদফতরে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ছাড়পত্র ও লাইসেন্স পায়নি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যেভাবে অভিযান চলছে, ঠাকুরগাঁওয়ে তেমনিভাবে অভিযান চালানো হবে।