পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়ায় সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে গ্রামবাসী থানা ঘেরাও করেছে। উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামে দুই গ্রুপের মধ্যে প্রতি দিন প্রতিযোগিতামূলক অস্ত্রের মহড়া চলছে। তাদের ভয়ে গ্রামের লোকজন আতঙ্কিত। বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গ্রামের লোকজন পটিয়া থানা ঘেরাও করেছে। এর আগে গ্রামবাসী পটিয়া সদরে বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের সঙ্গে সাক্ষাত্ করেন। ওসি বোরহান উদ্দিন সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা নয়, মূলত ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা নিয়ে তাদের এলাকায় এখন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। এরই মধ্যে র্যাব গাঁজাসহ কয়েক জনকে গ্রেফতারও করেছে। গ্রামবাসী তাদের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, শিল্প কারখানাকে ঘিরে মূলত সন্ত্রাসীদের আধিপত্য চলছে। উপজেলার লাখেরা গ্রামে টহল পুলিশ জোরদার করা হয়েছে। দুই সন্ত্রাসী গ্রুপের প্রধানদের গ্রেফতার করতে এরই মধ্যে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।