উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ায় তড়কা ও পিপিআর রোগ প্রতিরোধকল্পে বৃহস্পতিবার নিবিড় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহম্মদ জানান, ২০১৯-২০ অর্থবছরের এডিপি ও টিআর প্রকল্পের আওতায় নিবিড় টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ এতে সহায়তা দিচ্ছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৮০ হাজার গবাদি পশুকে বিনামূল্যে তড়কা ও পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান করা হবে।