পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ চলছে। বুধবার থেকে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় শীত জাঁকিয়ে বসেছে। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, পশ্চিমী লঘুচাপের কারণে শীত বাধাগ্রস্ত হয়েছিল। লঘুচাপ কেটে যাওয়ায় তাপমাত্রা দ্রুত নামতে থাকে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যশোরে ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। এদিকে শৈত্যপ্রবাহ শুরুর পর দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে। শীত থেকে রক্ষা পেতে অনেক স্থানে মানুষ আগুন পোহাচ্ছে। গৃহপালিত পশুও শীতে কাতর হয়ে পড়েছে।