চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল উপজেলায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করা হয়।
বুধবার রাতে উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের বাড়ির পাশের ঝোপ থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ জানান, বুধবার রাত ৯টার দিকে শিশুর কান্না শুনে পথচারিরা তাকে ডেকে আনে। তখন তিনি ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কাচারী বাজার ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটির চিকিত্সার যাবতীয় খরচ এবং তাকে পরিচর্যার সকল ব্যবস্থা গ্রহণ করেন চেয়ারম্যান। বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার খলিল জানান, শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে, সে এখনো আশঙ্কামুক্ত নয়।