দেশের বিভিন্ন স্থানে শীত জেঁকে বসেছে। হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড়ো কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ এখন অতীব প্রয়োজন। শৈত্যপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাও তাদের নেই। তীব্র শীতে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ অসহনীয় অবস্থায় পৌঁছায়। এ সময় বেড়ে যায় শীতজনিত রোগের প্রকোপ। বৃদ্ধ ও শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। ফুটপাত এবং খোলা আকাশের নিচে বসবাসকারীদের কষ্টের সীমা থাকে না। এসব মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। গরিব-দুস্থরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। মানুষ হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো তাদেরও প্রাপ্য। আসুন আমরা মানবিক মূল্যবোধ থেকে মিলেমিশে ফুটপাতে বা খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় ছিন্নমূল মানুষের শীত নিবারণে হাত বাড়িয়ে দেই।
এহসান বিন মুজাহির
প্রিন্সিপাল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল,
মৌলভীবাজার