ঝিনাইদহ জেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা নির্মাণ করেছে। এ খবর প্রচারিত হয়েছে একটি দৈনিক পত্রিকায় কয়েকদিন আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে শর্ত সাপেক্ষে কাজ শুরু করার আগে চুক্তি স্বাক্ষর হয়েছে, যদি তিন বছরের মধ্যে রাস্তা ভেঙে খানা-খন্দকের সৃষ্টি হয় তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ খরচে সেগুলি মেরামত করে দেবে। এ নিয়মে সারা দেশের সরকারি খরচে অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করা সম্ভব হলে যদিও টাকা বেশি লাগে তবু তা সার্বিক বিবেচনায় সাশ্রয়ী হবে। শর্তছাড়া যে সমস্ত রাস্তা ব্রিজ কালভার্ট নির্মাণ করা হচ্ছে, সেগুলো তিন মাস যেতে না যেতে ক্ষতবিক্ষত হয়ে খানাখন্দকের সৃষ্টি হচ্ছে। সরকারি খরচে স্কুল কলেজ হাসপাতাল বিবিধ অবকাঠামো নির্মাণের কাজ শেষ হতে না হতে ছাদে বড়ো বড়ো ফাটলের সৃষ্টি হয়ে পানি সারা বিল্ডিংয়ে চুঁইয়ে বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। শর্তসাপেক্ষে অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করা সম্ভব হলে ঠিকাদারি প্রতিষ্ঠান বাধ্য হয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকবে এবং নিয়ম মেনে যত্ন সহকারে কাজ করবে।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদীঘির দক্ষিণপাড়, সদর, সিলেট ৩১০০