গোলহীন তবু ঘটনাবহুল এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লিগ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় কেউ কাউকে হারাতে পারেনি। গত বুধবার রাতে বার্সার মাঠে স্পানিশ রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল অধরা জয়ের সন্ধান করা। কেন না আগের ছয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি স্পানিশ রাজধানীর দলটি।

রিয়াল মাদ্রিদের সে লক্ষ্য পূরণ হয়নি। লিওনেল মেসি, করিম বেনজেমারা আলো ছড়াতে পারেননি, তাই ১৭ বছর পর আবারও গোলহীন নস্ফিলা এল ক্লাসিকোর দেখা মিলল। তবে বার্সেলোনার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরে তৃপ্তির ঢেঁকুরই তুলছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

চলতি মৌসুমের প্রথম রিয়াল-বার্সা দ্বৈরথটা মূলত হবার কথা ছিল ২৬ অক্টোবর। কিন্তু স্পেন সরকারের সঙ্গে কাতালোনিয়ার স্বাধীনতাকামীদের সংঘাতের প্রভাব থেকে মুক্ত রাখতে পিছিয়ে গত ১৮ ডিসেম্বরে নিয়ে আসা হয় লিগের শীর্ষ দুই দলের লড়াইটিকে। এরপরেও খুব একটা লাভ হয়নি। ন্যু ক্যাম্পের আশেপাশে বিক্ষোভকারীদের সরব উপস্থিতি কিছুটা শঙ্কার মেঘ উড়িয়ে নিয়ে এসেছিল ম্যাচটার ওপরে।

খেলোয়াড়দের ওপর ছিল বাড়তি নিরাপত্তা। দুটো দলই থেকেছে একই হোটেলে, মাঠেও এসেছিল একই সঙ্গে। এতোকিছুর পর ম্যাচেও ছড়িয়েছে উত্তাপ। বিরতির পর রিয়ালের খেলোয়াড় বদলের সময়ে ‘স্পেন, সিট অ্যান্ড টক’ হ্যাশট্যাগ লেখা হলুদ ফুটবল মাঠে ছুঁড়েছেন দর্শকরা। সার্জিও রামোসদের পায়ে বল গেলেই দর্শকদের চিত্কারে স্টেডিয়ামে কান ঝালাপালা হবারই যোগাড় হয়ে যাচ্ছিল।

খেলায় অবশ্য দাপট ছিল রিয়ালের। শুরু থেকেই ফেডে ভালভার্দে আর ক্যাসেমিরোর কড়া মার্কিং নিষ্প্রভ রেখেছিল বার্সা অধিনায়ক মেসিকে। ফলে বলের দখল নিয়ে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি মেসিনির্ভর বার্সা। এদিকে রিয়াল বেশ আধিপত্য নিয়ে বারবার ভেঙেছে বার্সা রক্ষণ। বেনজেমার হেড থেকে জেরার্ড পিকের গোলরেখা থেকে বল ফেরানো, কিংবা ফরাসি স্ট্রাইকারেরই আরেকটি শট দারুণ রিফ্লেক্সে না ফেরালে হয়তো প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়তো কাতালানরা।

কোণঠাসা বার্সেলোনাও দুইটি পরিষ্কার সুযোগ সৃষ্টি করেছিল। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো দুইটি বলে প্রথমবার জর্দি আলবা দুর্বল ক্রস করেন। ফলে ফাঁকায় থাকা লুই সুয়ারেজ পর্যন্ত পৌঁছায়নি সেটা। দ্বিতীয়বারও দায় আলবারই। মেসির বাড়ানো থ্রুতে তার করা শট বেরিয়ে যায় লক্ষ্যের অনেক বাইরে দিয়ে।

দ্বিতীয়ার্ধেও বিরতির আগের মতোই আধিপত্য ছিল রিয়ালের। ৭৪ মিনিটে গ্যারেথ বেল গোলটা পেয়ে গেলেই প্রাপ্য জয়টা নিয়েই মাঠ ছাড়তো জিদানের শিষ্যরা। তবে ক্রস করার আগে অফসাইডে থেকে ফেরলান মন্ডি বল রিসিভ করায় সেটা বাতিল হয়। ফলে ২০০২ সালের পর প্রথমবারের মতো গোলশূন্যভাবে শেষ হয় ক্লাসিকো।

দুই দলের দেখায় এ নিয়ে সাত ম্যাচে জয়শূন্য রিয়াল মাদ্রিদ। ২০১১ সালের পর এর চেয়ে বেশি ম্যাচে কখনোই এল ক্লাসিকোয় জয়শূন্য থাকেনি দলটি। তবে কোচ জিদান এ নিয়ে ন্যু ক্যাম্পে পঞ্চম ম্যাচে অপরাজিত রইলেন। সে কারণেই হয়তো ড্রটাও খুব তৃপ্তি দিচ্ছে ফরাসি কোচকে। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মাঠে যেভাবে নিজেদের মেলে ধরলাম, যেভাবে প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেললাম তাতে আমি খুশি। আমার মনে হয়, দুর্দান্ত একটা ম্যাচই খেলেছি আমরা।

তবে এ তৃপ্তিতেও জয় না পাওয়ার আফসোস থাকলো কিছুটা, ‘আমরা শুধু একটা গোলই করতে পারিনি। আজ (বুধবার) আমাদের আরেকটু বেশি প্রাপ্য ছিল, কিন্তু এটাই ফুটবল। যখনই গোল করার সুযোগ আসবে সেগুলোকে কাজে লাগাতে হবে।’