লিভারপুল ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে মন্তেরিকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। গত বুধবার রাতে ম্যাচটিতে ১১ মিনিটেই নাবি কেইটার গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে মন্তেরি সমতা ফিরিয়েছিল মিনিট তিনেক পরেই। আগের ম্যাচে গোল করা রেগিলো ফুনেস মোরি আবারও লক্ষ্যভেদ করেন। এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে মন্তেরি লিভারপুল রক্ষণে হানা দিয়েছিল আরো কয়েকবার। তবে অ্যালিসন বেকারের বীরত্বে আর কোনো গোল হজম করেনি অল রেডরা। ৬২তম মিনিটে দিভোক ওরিগি বল জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রস জয়সূচক গোলটি করেন রবার্তো ফিরমিনো। ২১ ডিসেম্বর ফাইনালে লিভারপুল খেলবে ব্রাজিলীয় ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে।