শুরুতেই সাইফের হোঁচট

১ পয়েন্টে খুশি রহমতগঞ্জ

 স্পোর্টস রিপোর্টার

সাইফ স্পোর্টিং ক্লাব কঠোর অনুশীলন করে। তাদের খেলোয়াড়দের পেছনে ব্যয় হয় বড়ো অঙ্কের অর্থ। খেলোয়াড়দের যে সেবাটা দেওয়া হয়, তা অনেক ক্লাবই পায় না। বড়ো দল না হলেও শক্তির বিচারে কমও নয় সাইফ স্পোর্টিং। তার পরও ফেডারেশন কাপ ফুটবলের প্রথম ম্যাচেই হোঁচট খেল দলটি। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় সাইফ স্পোর্টিং গোলশূন্য ড্র করে রহমতগঞ্জের বিপক্ষে।

খেলা শেষে সংবাদ সম্মেলনে দুই পক্ষই অনেকটা অভিযোগের সুরে একে অপরের বিপক্ষে বলে। সাইফের মালদ্বীপের কোচ নিজাম বললেন, রহমতগঞ্জ যেটা চেয়েছে সেটাই হয়েছে। এই কোচের কথায় স্পষ্ট, রহমতগঞ্জ ড্রয়ের জন্য খেলেছে বলেই তারা ১ পয়েন্ট পেয়েছে। অপরদিকে রহমতগঞ্জের কোচ গোলাম জিলানীকে সাইফের কোচের কথা বলা হলে তিনি বললেন, ‘আমরা ড্রয়ের জন্য খেলিনি। সবাই দেখেছে কারা সুযোগ বেশি পেয়েছে। আমাদের সুযোগ কাজে লাগলে সাইফ ১ পয়েন্টও পেত না।’

এই পয়েন্টই এখন রহমতগঞ্জকে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখাচ্ছে। আর সাইফের কোচ নিজাম বললেন, ‘এখনো সময় আছে। সবকিছু তো ফাইনাল হয়ে যায়নি। সময় আছে।’ রহমতগঞ্জের শেষ ম্যাচ শেখ জামালের বিপক্ষে। আর সাইফেরও শেষ ম্যাচ শেখ জামালের বিপক্ষে। এই ম্যাচের আগে রহমতগঞ্জ যদি শেখ জামালকে হারাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যাবে। জিলানী বলছেন, ‘আমরা জয় পেলে তো কথাই নেই। তবে না জিততে পারলে শেখ জামাল ও সাইফের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তারা হিসাব করে নিজেরা একটা পরিকল্পনা করতে পারবে।’

এই কোচের আফসোস, তার গাম্বিয়ান অধিনায়ক মাহমুদু বাহ দারুণ একটা শট নিয়েছিলেন, যেটা সাইড পোস্টে না লাগলে গোল হয়ে যেত। এমন একাধিক সুযোগ ছিল তাদের। জিলানীর রহমতগঞ্জ আক্রমণভাগে শক্তি দেখিয়েছে, কিন্তু ফিনিশিং ছিল না।

সাইফের রক্ষণ একটা সময় এলোমেলো হয়ে যাচ্ছিল প্রায়। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া দলের মাঝমাঠের শক্তি। তাকে যতটা সক্রিয় দেখা গেল, অন্যদের সেটা দেখা যায়নি। যদিও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের সাবেক কোচ নিজাম বললেন, ‘আমি দেড় মাস ধরে দায়িত্ব নিয়েছি। কিন্তু বলতে গেলে চারটা ট্রেনিং সেশন পেয়েছি। এতে কী হয় আপনারাই বলুন।’ কারণ  কী জানতে চাইলে বলেন, ‘খেলোয়াড়েরা অনেক দিন ধরেই খেলার মধ্যে রয়েছে। ক্লান্তি ভর  করেছে।’

আজকের খেলা

শেখ রাসেল ও উত্তর বারীধারা। মোহামেডান ও মুক্তিযোদ্ধা (৩টা ৩০ ও ৬টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।