ইত্তেফাক রিপোর্ট
টানা পতন শেষে সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার দেশের উভয় শেয়ার বাজারেই সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেনে প্রত্যাশিত গতি আসেনি। গতকাল ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২৭৬ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা পূর্বের কার্য দিবসের চেয়ে ২২ কোটি ৫ লাখ টাকা বেশি। বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৫৪ কোটি ৩৮ লাখ টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, আস্থার ঘাটতির কারণে বর্তমানে যারা বাজারে আছেন, তারাও ক্রয়ের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে বাজারে বিক্রির পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেক কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—জেনেক্স ইনফোসিস, খুলনা পাওয়ার, রিং শাইন, বীকন ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, স্ট্যান্ডার্ড সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইফাদ অটোস ও বিএনআইসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, খুলনা পাওয়ার, গোল্ডেন হারভেস্ট, ওয়েস্টার্ন মেরিন, আরডি ফুড, ইফাদ অটোস, প্রাইম লাইফ, জাহিন স্পিনিং ও আল আরাফাহ ইসলামী ব্যাংক। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—শ্যামপুর সুগার, বঙ্গজ লিমিটেড, ইউনাইটেড এয়ার, তাল্লু স্পিনিং, সিএনএ টেক্স, রিং শাইন, মেঘনা কন্ডেন্সড মিল্ক, বিএনআইসিএল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও নিউ লাইন ক্লদিং।
এছাড়া গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৩১ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ১৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।