কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মফিজুল ইসলাম (৪৫) নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মফিজুলের মৃত্যু হয়। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মফিজুল ইসলামের শরীরের ৫০ ভাগই পুড়ে গিয়েছিল।
১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৩২ জনকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। দগ্ধ ব্যক্তিদের বেশিরভাগেরই শরীরের ৫০-৮০ ভাগই পুড়ে গেছে।