ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ হাউজ অব লর্ডস চেম্বারে ভাষণ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রথম অধিবেশন ডাকা উপলক্ষ্যে দেওয়া ভাষণে নতুন সরকারের দিক-নির্দেশনা নিয়ে কথা বলেন তিনি। রানি বলেন, নির্বাচনের পর যে সরকার গঠিত হতে যাচ্ছে তা দেশবাসীর প্রয়োজনকে অগ্রাধিকার দেবে। বড়ো জয়ের শক্তিকে ব্যবহার করে বরিস জনসন ব্রেক্সিট প্রক্রিয়াকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রানি বলেন, সরকারের সোশ্যাল কেয়ার সিস্টেম এটা নিশ্চিত করবে যেন প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা পায়। দেশবাসীর জীবনমান কীভাবে আরো উন্নত করা যাবে সে বিষয়ে দৃষ্টি দেবে নতুন সরকার। তিনি আরো বলেন, দেশের প্রত্যেক শিশু যাতে মানসম্মত শিক্ষার নিশ্চয়তা পায় তাও নিশ্চিত করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানো হবে। এছাড়া বিচারব্যবস্থা, যোগাযোগব্যবস্থাসহ মৌলিক নানা বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা তার বক্তব্যে তুলে ধরেন। —দ্য গার্ডিয়ান