লোহাগাড়া উপজেলার চুনতি সীরত ময়দানে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমের জানাজা হয়েছে। জানাজায় ইমামতি করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ শাহ আলম। জানাজার আগে তার বড়ো ভাই মো. ইসমাইল মানিক বক্তব্য রাখেন এবং একজন সমারিক অফিসার সামরিক সচিবের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে সিকদারপাড়া চুনতি জামে মসজিদ কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে তার প্রথম জানাজা সকালে সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে হয়। ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারযোগে তাকে তার গ্রামের বাড়িতে আনা হয়। চুনতি সীরত ময়দানে জানাজার আগে তাকে একনজর দেখার জন্য ধর্মপ্রাণ মুসলিমসহ বিভিন্ন ধর্মের লোকজন জড়ো হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান।