আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উদ্দেশে বলেছেন, তারিখ মুখ্য নয়, সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে রাজাকারের তালিকা প্রকাশ করুন। অহেতুক তারিখ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কারণ এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন সফল করতে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নতুন করে রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়া না করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশ করতে দিনক্ষণ আগে বলার দরকার কি? আগে সম্পূর্ণ যাচাই করে তালিকা প্রস্তুত করুন।
প্রকাশের পর স্থগিত করা তালিকার সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, যারা রাজাকার, যুদ্ধাপরাধীর দায়ে যাদের ফাঁসি হলো তাদের নাম নেই এই তালিকায়, কিন্তু যে বীররা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন তাদের নাম রাজাকারের তালিকায়। এটা কোনো কথা হতে পারে না। দায়িত্বহীনতার পরিচয়। প্রকাশের আগে আরো যাচাই করা উচিত ছিল।
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।