দৈনিক বাংলাবাজার পত্রিকার জামালপুর প্রতিনিধি ও জামালপুর পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক শেলু আকন্দকে (৫২) সন্ত্রাসীরা পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে। সাংবাদিকের ওপর হামলার মামলায় সাক্ষী হওয়ায় তার ওপর এ হামলা হয়েছে বলে জানা গেছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় শহরের দেওয়ানপাড়া এলাকায় পুরাতন এসডিওর বাংলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানা পুলিশ রাকিব হাসান নামে একজনকে গ্রেফতার করেছে।
সাংবাদিক শেলু আকন্দ জানান, ঐ রাতে সেখানে ওত পেতে থাকা পৌর কাউন্সিলর রুনু খানের ছেলে রাকিব খান, তুষার খান, স্বজন খান ও তুহিন খানসহ চার-পাঁচ জন তার ওপর হামলা চালায়। তারা লোহার পাইপ দিয়ে তার দুই পায়ে নির্মমভাবে পিটিয়ে ভেঙে দেয়। জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, অভিযুক্ত রাকিব খানকে বুধবার মধ্যরাতে শহরের মুকুন্দবাড়ি এলাকায় তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। অতি দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা জানান, প্রায় ছয় মাস আগে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলা করেছিল কাউন্সিলর রুনু খান, তার ছেলে রাকিব খান ও তার সহযোগীরা। এ ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর সাক্ষী শেলু আকন্দ।