দিনাজপুরে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

দিনাজপুর সদর উপজেলার সীমান্তগ্রাম সুন্দরায় গণধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

এজাহারে উল্লেখ করা হয়, দিনাজপুর সদর উপজেলার সুন্দরা আদর্শ স্কুলে অনুষ্ঠিত গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে রাতে বাড়ি ফিরছিল ঐ স্কুলের দশম শ্রেণির ছাত্রী। রাত সাড়ে ৯টায় মঙ্গলবার বাজারের কাছাকাছি পাকা রাস্তায় পৌঁছলে ৩ জন তাকে পাথারিয়া পুকুরপাড়ে ধরে নিয়ে যায়। সেখানে ঐ তিন ব্যক্তি স্কুলছাত্রীর মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় সে অজ্ঞান হয়ে পড়ে। ধর্ষণকারীরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফিরলে কোনো রকমে ধর্ষিতা স্কুলছাত্রীটি বাড়িতে আসে। রাতে প্রাথমিক চিকিত্সা দিয়ে পরের দিন ১৭ ডিসেম্বর তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে স্কুলছাত্রীর মা দিনাজপুর সদর উপজেলার সুন্দরা জুলকাপাড়া গ্রামের লাল মোহাম্মদের পুত্র মোকছেদুল ইসলাম টুকলু ও অজ্ঞাতনামা আরো ২ জনসহ মোট ৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।

স্কুলছাত্রীর মা জানান, ধর্ষকরা তার মেয়েকে এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এখনো বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ফজলুর রহমান জানান, স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।