যুবলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে শিবালয়ে বিক্ষোভ

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শিবালয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। দুপুরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি আরিচা ঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মিরাজ হোসেন লালনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সুমন, উপজেলার সাত ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সম্পাদকেরা। যুবলীগের তিন শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সদর উপজেলার জয়রা গ্রামের মো. মোস্তফার ছেলে রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। ঐ হামলার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে মামলার আসামি করা হয়েছে বলে নেতাকর্মীরা জানান।