ভারতে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৩, আটক বহু

 

ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে অশান্ত হয়ে ওঠা কর্ণাটক ও উত্তর প্রদেশে এবার রক্তাক্ত হল রাজপথ। গতকাল কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে বিক্ষোভ-সংঘর্ষ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়। সেখানে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তর প্রদেশের লক্ষ্মৌতেও গুলিতে একজনের মুত্যু হয়েছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ব্যাঙ্গালুরুতে চার পুলিশ সদস্যকে গুলি চালাতে দেখা গেছে।

বিক্ষোভ ভয়ানক আকার নিয়েছে উত্তরপ্রদেশে। বাস, কার, পুলিশ পোস্ট জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। চলছে ভাঙচুর। নয়াদিল্লি, ব্যাঙ্গালুরু, লক্ষ্মৌসহ কয়েকটি প্রদেশে পুলিশ সহস্রাধিক লোককে আটক করেছে।  অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। আটকৃতদের মধ্যে আছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, সিপিএম নেত্রী বৃন্দা কারাত-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। -বিবিসি, এনডিটিভি