ধর্ষণের শিকার মেয়েকে কাঁধে নিয়ে হাসপাতালে বাবা

হুইলচেয়ার না থাকায় পা ভাঙা ধর্ষণের শিকার মেয়েকে পিঠে চাপিয়েই হাসপাতালে নিয়ে গেলেন বাবা। মঙ্গলবার অমানবিক এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে।

আনন্দবাজারের খবরে বলা হয়, প্রতিবেশীর এক ছেলে ঘরে টেনে নিয়ে যায় ১৫ বছরের  ওই কিশোরীকে। পরে ঘর বন্ধ করে তাকে ধর্ষণ করে। বাধা দিলে মারধর করে কিশোরীর পা ভেঙে দেওয়া হয়।

পরে মেয়েকে নিয়ে হাসপাতালে গেলে হুইলচেয়ার পাননি বাবা।বাধ্য হয়ে কাঁধে করে চিকিৎসকের কাছে নিতে হয়। শুধু তাই নয়, হাসপাতালে গিয়ে তারা জানতে পারে সেখানকার এক্সরে মেশিন নষ্ট। তখন মেয়েকে নিয়ে বাবাকে ছুটতে হয় আলিগড় হাসপাতালে। এ খবরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

জেলার চিফ মেডিক্যাল অফিসার ডা. অজয় অগ্রবাল বলেছেন, ‘হাসপাতালে কোনও স্ট্রেচার বা হুইলচেয়ার নেই, আমার জানা ছিল না। খবরটা পেয়ে আমি ওই হাসপাতালের দায়িত্বে থাকা এক অফিসারকে স্ট্রেচার বা হুইলচেয়ারের ব্যবস্থা করে দিতে বলেছিলাম।’

মারহেরা থানার স্টেশন হাউস অফিসার জিতেন্দ্র ভাদৌরিয়া বলেছেন, ‘কিশোরীর অভিযোগের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর একটি মামলা হয়েছে। অভিযুক্ত অঙ্কিত যাদবকে পরের দিন গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ