চিত্রনায়ক আমান রেজা। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘গহীনের গান’। তার বছরের প্রথম সিনেমা এটি। বর্তমানে ব্যস্ত আছেন সিনেমার প্রচারণা নিয়ে। নতুন সিনেমার পাশাপাশি ক্যারিয়ারের নানা প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
অনেকদিন পর নতুন সিনেমা মুক্তি পেল আপনার। ‘গহীনের গান’ সিনেমাটি প্রসঙ্গে এরইমধ্যে প্রায় সবার জানা। নিজের সিনেমা হিসেবে আপনার কাছ থেকে শুরুতে এ নিয়ে জানতে চাই—
এই বছরে এটি আমার প্রথম সিনেমা। এই কাজটি করে যে ভালোলাগাটা ছিল, অনেকদিন কাজ না করলেও এটি সেই পূর্ণতা দিয়েছে। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল সিনেমা এটি। অন্যদিকে আমাদের দেশের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এই সিনেমায় অভিনয় করেছেন। মূলত তার গান দিয়েই সিনেমাটি। ৩টি গল্পের সমন্বয়ে এই সিনেমাটি নির্মিত। এক অংশে রয়েছে আসিফ ভাই ও তানজিকা। দ্বিতীয় গল্পে আমাদের শ্রদ্ধেয় হাসান ইমাম। আর অন্যটিতে আমি ও তমা মির্জা। আমাদের জীবনে ঘটে যাওয়া গল্প নিয়েই সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেছেন সাদাত হোসাইন। তারও প্রথম নির্মিত সিনেমা এটি।
এ বছর আপনাকে একটি সিনেমায় দেখা গেলেও অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছেন। সিনেমার একজন হয়ে সিনেমার চেয়ে বিজ্ঞাপন বেশি। এর কারণ কী?
এর ব্যাখ্যা আমার চেয়ে হয়তো নির্মাতারাই ভালো দিতে পারবেন। এমন না যে আমার কাছে অনেক কাজ এসেছে কিন্তু করিনি। আমি সিনেমাটাই করতে চাই সবসময়। তবে এমন গল্পে কাজ করতে চাই যেটি আলাদাভাবে একটা পরিচয় দাঁড় করাবে। এই বছর ১৪টি বিজ্ঞাপনে আমি কাজ করেছি। আমার দক্ষতার যদি খুব বেশি অভাব হতো তাহলে আমিতো বিজ্ঞাপনে কাজ করতে পারতাম না। ‘সংগ্রাম’ সিনেমায় আমি বলিউড কিংবদন্তী অনুপম খেরের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। এছাড়াও আন্তর্জাতিক কয়েকটি কাজও আমি করেছি। আমার কিন্তু আসলে আক্ষেপ নেই যে, অনেক সিনেমা করতে পারছি না। যে কাজগুলো করেছি সেগুলো ভালো করেছি। সুযোগ পেলে আরো ভালো কাজ করবো।
আপনি অনেক সিনেমার শুটিং করলেও এরমধ্যে বেশকিছু মুক্তি পায়নি। এর কারণ কী বলবেন?
এটি অনেকবারই হয়েছে। কারণ আসলে আমার চেয়ে প্রযোজকরা ভালো বলতে পারবেন। এরমধ্যে অনেকগুলো সিনেমা আমি অনেক আগ্রহ নিয়ে করেছিলাম, কিন্তু মুক্তি পায়নি।
নতুন কাজ নিয়ে জানতে চাই—
আগামীবছর বেশ কয়েকটি কাজ নিয়ে আসছি। এটি সুখবর বলা যায়। এরমধ্যে একটি পুরোদমের অ্যাকশন সিনেমা রয়েছে। সিনেমাটিতে বলিউডের একজন নায়ক চমক হিসেবে থাকবেন। বলা যায়, আমার ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে এটি।