বিনোদন ডেস্ক
বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। ক্যারিয়ারে নিজের বর্তমান অবস্থানকে পুরোপুরি নিজের পরিশ্রমের ফসল মনে করেন। কারণ যেখানে নায়িকা মানেই তাদের জনপ্রিয়তা গড়ে ওঠে বড় তারকাদের সঙ্গে জুটি বেঁধে। কিন্তু সেই জায়গা থেকে কঙ্গনা নিজের অভিনয় দিয়েই তাক লাগিয়েছেন। বক্স অফিসে তার সিনেমা মানেই হিট এখন পর্যন্ত। তাই সফলতার পাশাপাশি তার নিজের অর্থের হিসেবটাও এখন অনেক বড়। সেখান থেকে নিয়মিত আয়করও প্রদান করেন তিনি।
কিছুদিন আগেই ফোর্বস টপ ১০০ সেলিব্রেটির তালিকা প্রকাশ করে। যেখানে ৭০ নম্বরে এসেছে কঙ্গনার নাম। আর বছরে আয়ের পরিমাণ দেখানে হয়েছে মাত্র ১৭.৫ কোটি রুপি। এই সংবাদ প্রকাশের পর যেমন হাস্যকর অবস্থার তৈরি হয়েছে তেমনি ক্ষেপেছেনও অনেকে।
যেখানে নাম উঠে এসেছে ২০১৯ সালের ধনী সেলেবদের নাম, সেখানেই ৭০ নম্বরে নাম রয়েছে কঙ্গনা রানাওয়াতের।
কঙ্গনার এই অর্থের হিসেবকে মিথ্যে বলে দাবি করলেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। টুইট করে রঙ্গোলি বলেন, ‘ফোর্বস ইন্ডিয়া এক নম্বরের ফ্রড। আমি ওদের ওপেনলি চ্যালেঞ্জ করছি। কোনো একজন সেলেবের উপার্জনের প্রমাণ দিক ওরা। সবটাই পিআর। কোন ভিত্তিতে এই আয়ের হিসেব করা হয়েছে তার জবাব দিতে হবে ফোর্বস ইন্ডিয়াকে। আমার বোন এ বছর কত রোজগার করেছে তার সঠিক হিসেব আমার কাছেও নেই। একমাত্র তার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ও সে নিজে জানে পুরো হিসেব।’
কঙ্গনা বলেন, ‘আসলে এই তালিকার গুরুত্ব আমার কাছে নেই। তবে সেখানে যদি ভুল কিছু থাকে আর সেটা আমাকে নিয়ে, সেখানে আমার আপত্তি রয়েছে। নূন্যতম একটা যাচাই করে এই তালিকা করার প্রয়োজন ছিল। কারণ এই তালিকায় আমার যে অর্থের পরিমাণ রয়েছে, এর চেয়ে বেশি আমি আয়কর দিই। তাই এটি অনেকটা হাস্যকরও।’