ডায়াবেটিসজনিত রোগ হাইপারগ্লাইসেমিয়া

ডায়াবেটিস খুবই পরিচিত রোগ। এখন প্রায় প্রতি ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস  হলে  রক্তে  গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। সারা শরীরেই সমস্যা হতে পারে ডায়াবেটিসে। যদি কোনো ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ অনেক  বেশি থাকে তাহলে তাকে  হাইপারগ্লাইসেমিয়া বলা হয়ে থাকে। ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ বিভিন্ন কারণে কমেও যেতে পারে। এই অবস্থাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। হাইপোগ্লাইসেমিয়া বেশি বিপজ্জনক।  হাইপারগ্লাইসেমিয়া-এর বিভিন্ন লক্ষণ দেখা যায়। তবে সবার একই রকম লক্ষণ থাকেনা। তবে যেসব লক্ষণ সাধারণত দেখা যায় তার মধ্যে আছে- ঘন ঘন মূত্রত্যাগ, রোগী বারবার প্রসাব করতে থাকে, বমিভাব ও বমি, পানির তৃষ্ণা বৃদ্ধি পায়, ঝাপসা দৃষ্টি, মাথাঘোরা ও মাথা ব্যথা, অবসাদ এবং অস্বস্তি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

হঠাত্ হাইপারগ্লাইসেমিয়া হলে দ্রুত চিকিত্সা করতে হবে। নাহলে জীবন নাশের সম্ভাবনা থাকে। আবার দীর্ঘদিন যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তবে নানারকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। চিকিত্সা না করলে হাইপারগ্লাইসেমিয়া রোগ থেকে যেসব  সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আছে:

হূদরোগের সমস্যা, নার্ভের বিভিন্ন জটিলতা, কিডনি বিকল, রেটিনার সমস্যা, চোখের ছানি, দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, বিভিন্ন চর্মরোগ ও যৌন সমস্যা দেখা দিতে পারে।

ডায়াবেটিসের চিকিত্সা প্রতিদিন করতে হবে। চিকিত্সকের পরামর্শ ছাড়া ওষুধ কোনভাবেই বাদ দেয়া যাবেনা। অনেক সময় রোগী নিজে নিজে ওষুধ সমন্বয় করেন। এই কাজ করা কখনোই ঠিক নয়। আবার অনেকে নিয়মিত চিকিত্সকের কাছে যান না। এর ফলে এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়। ডায়াবেটিসের ওষুধ (খাবার ওষুধ বা ইনসুলিন) গ্রহণ হঠাত্ বন্ধ করে দেয়া কখনোই ঠিক নয়। শর্করা জাতীয় খাবার গ্রহণে ডায়াবেটিস রোগীদের সতর্ক হওয়া উচিত। কিছু কিছু ওষুধ যেমন—স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে ডায়াবেটিস বেড়ে যায়। চিকিত্সকের পরামর্শ ছাড়া তাই এসব ওষুধ খাওয়া যাবে না।

 

nডা. মো. ফজলুল কবির পাভেল

কমিউনিটি মেডিসিন বিভাগ

পাবনা মেডিক্যাল কলেজ