রাঙ্গামাটিতে জমে উঠেছে ফুটপাতের বাজার

রাঙ্গামাটি প্রতিনিধি

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটিতে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। শহরের ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। ফুটপাতের দোকানগুলো থেকে পাহাড়ে বসবাসরত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় ক্রয় করছে। শীত উপলক্ষ্যে জেলার ১০টি উপজেলার হাটবাজারগুলোতে শীতের পোশাক আমদানি ও বেচাকেনা শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গামাটি জেলার কলেজ গেট, বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়িসহ বিভিন্ন স্থানে বসেছে পুরনো কাপড় বিক্রির এসব রমরমা ব্যবসায়ের ভ্রাম্যমাণ দোকান। সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে। এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে আমদানি করে বিক্রি করছে।

রির্জাভ বাজারের ফুটপাতের মৌসুমি গরম কাপড় ব্যবসায়ী মো. রফিক জানায়, শীতের তীব্রতা বাড়ায় চট্টগ্রাম থেকে আমরা শীতের পুরনো কাপড় কিনে এনেছি। একটি গাইটে ৩৫০-৪০০টি কাপড় থাকে। যার দাম ৮-৯ হাজার টাকা। তবে কাপড়ের ধরনের ওপর গাইটের দাম নির্ভর করে। এ বছর বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে।

গরম কাপড়ের দোকানে আসা ক্রেতা জেসমিন আক্তার ও সোনালী চাকমা ও সোনামনি চামমা জানান, নতুন কাপড়ের দোকানে গরম কাপড়ের দাম একটু বেশি। কিন্তু পুরাতন কাপড়ের দোকানে কম মূল্যে তা পাওয়া যায়। এইসব গরম কাপড়ে মাঝে মধ্যে ছেড়া থাকে তাই অনেক ক্ষণ বেছে, দেখে শুনে এসব কাপড় নিতে হয়। মাঝে মধ্যে ভাগ্যের জোরে নতুন কাপড়ের মতো কাপড় পাওয়া যায়।