ক্যানসার চিকিত্সায় বসানো হয়েছে লিনিয়ার এক্সিলেটর মেশিন

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল

 

চালু হবে শিগিগর

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে বসানো হয়েছে ক্যানসার চিকিত্সার অন্যতম প্রযুক্তিগত উপকরণ লিনিয়ার এক্সিলেটর মেশিন। শিগিগর এটি চালু হবে। রামেক হাসপাতালে আগত ক্যানসার রোগীদের রেডিওথেরাপি দিতে মেশিনটি ব্যবহূত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিত্সকরা। এর মাধ্যমে রোগীদের দ্রুত উন্নত কেমোথেরাপিসহ অন্যান্য চিকিত্সা দেওয়া সম্ভব বলে জানিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিক্যালে বর্তমানে কোবাল্ট-৬০ ও একটি ব্যাকথেরাপি মেশিন দিয়ে ক্যানসার চিকিত্সা দেওয়া হচ্ছে। এছাড়াও সব প্রক্রিয়া শেষে করে নতুন বছর থেকেই আধুনিক এই মেশিন যোগ হচ্ছে রামেকে।

রামেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ জানায়, রামেক হাসপাতালের অনকোলজি বিভাগে ২০১৯ সালের জুন থেকে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত নতুন রোগী চিকিত্সা নিয়েছে এক হাজার ১৭৪ জন। এছাড়াও পুরাতন রোগী চিকিত্সা নিয়েছে আরো সাড়ে ৮ হাজারের ওপরে। রামেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার ঘোষ জানান, মেশিনটি চালু হলে রোগীদের দুর্ভোগ কমবে, অর্থ বাঁচবে। মেশিনটি বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিত্সায় ব্যবহূত হবে। এছাড়াও এটি থ্রিডি পদ্ধতিতে চিকিত্সা প্রদান করায় এটি আরো দ্রুত সময়ে বেশি সংখ্যক চিকিত্সা সেবা প্রদান করা যাবে বলে জানান তিনি। তিনি জানান, রাজশাহীতে দিন দিন ক্যান্সারের রোগী বাড়ছে। হাসপাতালের ইনডোরে ৩০ শয্যা এবং ডে কেয়ারের আরো ১০ শয্যায় চলছে চিকিত্সা কার্যক্রম। প্রতিদিন ২৫ থেকে ৩০ ক্যানসারের রোগীকে দেওয়া হয় কেমোথেরাপি। এছাড়াও অন্যান্য নতুন ও পুরাতন মিলে গড়ে প্রতিদিন এখানে ৫০ থেকে ৭০ জনকে সেবা প্রদান করা হচ্ছে।

হাসপাতালের উপপরিচালক প্রফেসর ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের জন্য ক্যানসার চিকিত্সার অন্যতম উপকরণ লিনিয়ার এক্সিলেটর মেশিনটি কেনা হয়েছে। এটি বসানোর কিছু প্রক্রিয়া রয়েছে। আগের মেশিনটি চলতি মাসের ১২ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় বিলুপ্ত ঘোষণার জন্য নিয়ে গেছে। এটি হলে নতুন মেশিনে কিছু দিনের মধ্যেই কার্যক্রম শুরু হবে। তখন এটি আরো উন্নত ও আধুনিক চিকিত্সা সেবা দিতে পারবে বলে জানান এই চিকিত্সক।