সংস্কার না হওয়ায় আলমনগরের সেতু ঝুঁকিপূর্ণ

নবীনগর পৌর এলাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলে ব্যবহূত সেতুটি বেহাল অবস্থায় আছে। ২৫ বছর আগে নির্মিত এই সেতুটি গত ৭ বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এই সেতুটি দিয়ে গাড়ি উঠতে গিয়ে কয়েক জনের প্রাণহানিও ঘটেছে। স্থানীয়রা বাঁশ দিয়ে সেতুটির রেলিং বেঁধে দিলেও কয়েক দিনেই তা ভেঙে যায়।

স্থানীয় লোকজন জানান, এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে থাকেন। সরু এই সেতুর দুই পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে যাওয়ায় যাত্রীবাহী সব যানবাহনকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। ফলে সেতুটিতে উঠতে গিয়েই ঘটছে নানা দুর্ঘটনা।

এলাকার কাউন্সিলর আবু হানিফ বলেন, ‘৯৫-৯৬ সালের দিকে ভাটা নদীর ওপর সেতুটি নির্মিত হয়। কিন্তু ৫-৭ বছর আগে জনগুরুত্বপূর্ণ এই সেতুর বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার পরও মারাত্মক ঝুঁকি নিয়ে এলাকার মানুষ এর ওপর দিয়েই যাতায়াত করছেন। সেতুটিতে যানবাহন উঠলে কেঁপে ওঠে, যে কোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে। স্থানীয়রা বলেন, ‘এই ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে সেতু থেকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে কয়েক জন যাত্রীর মৃত্যুও হয়েছে। তাই দ্রুত এই সেতুটি নতুন করে নির্মাণ করা না হলে আরো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

পৌরসভার এই সেতুটি সম্পর্কে নবীনগর পৌরসভার নবনির্বাচিত মেয়র শিব শংকর দাস জানান, ‘সেতুটি নির্মাণে শিগিগরই প্রকল্প গ্রহণ করা হবে।’