বাড়ছে শীতের তীব্রতা
শাহীন হাফিজ, বরিশাল অফিস
দক্ষিণাঞ্চল জুড়ে শীত বাড়তে শুরু করায় জমজমাট হচ্ছে গরম পোশাকের মার্কেটগুলো। বৃহস্পতিবার ১২ ও শুক্রবার ১৩ ডিগ্রি তাপমাত্রার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এসব এলাকায়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে শীত বস্ত্র ও ইলেকট্রিক যন্ত্রপাতির দাম। দুস্থ ও নিম্ন আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে। বিশেষ করে মেঘনা তীরবর্তী হিজলা, মেহেন্দিগঞ্জ, মীর্জাগঞ্জ ও ভোলার বেড়িবাঁধে ছিন্নমূল মানুষ শীতে জড়োসড়ো অবস্থায় আছেন।
দেখা গেছে, গ্রামগঞ্জের লোকজন তাই শীতের পোশাক ক্রয় করার জন্য ভিড় করছেন নগরীর বিভিন্ন শপিং মল ও বিপণিবিতান গুলোতে। শীতের পোশাক বিক্রির মার্কেটগুলোতে শহুরে মানুষেরও ভিড় বাড়তে শুরু করছে। নগর জীবনেও শীতের তীব্রতা কয়েক দিন যাবত্ বেড়েই চলছে। এদিকে ফুটপাত থেকে গরম পোশাক কিনছেন ছিন্নমূল মানুষেরা। গরম পোশাকের পাশাপাশি উষ্ণতাবর্ধক রুম হিটারসহ পানি গরম করার নানান ইলেকট্রিক যন্ত্রপাতি ক্রয় করছেন বিত্তশালীরা। শীত বস্ত্র ব্যবসায়ী ও ইলেকট্রিক ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে চরা দামেই এসব পণ্য বিক্রি করছেন।
এবার মৌসুমের শুরুতে একেকটি হিটার বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকায়। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে বৃহস্পতিবার ১২ ডিগ্রি ও শুক্রবার ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়বে। এ অবস্থা আরো কিছুদিন থাকবে ও আগামী মাসের শুরুতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।