ঝালকাঠিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

আহত চার

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলায় জাহিদুল ইসলাম (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল দেউরী গ্রামের জালাল খানের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, ভোর ৬টার দিকে একই গ্রামের প্রতিপক্ষ ফারুক হাওলাদার ও তার দুই ছেলে ফোরদৌস এবং ফোরকানের নেতৃত্বে ১০/১২ জন জাহিদুলের খেতের ধান কাটা শুরু করে। এতে সে বাধা দিলে প্রতিপক্ষরা জাহিদুল, তার বাবা জালাল খান (৬০), ভাই রমজান খান (২০) ও চাচা শাহজাহান খানের (৪০) ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনার পথে জাহিদুল ইসলাম ট্রলারে মারা যান। আহত জালাল খান ও ভাই রমজান খানকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়। চাচা শাহজাহান খানের অবস্থা আরো গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ঘটনায় এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।