সুজানগরে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে ইঁদুরের উপদ্রব্য। এতে ধান-চাল ঘরে রাখতে হিমশিম খাচ্ছেন কৃষক। উপজেলার মানিকহাট গ্রামের কৃষক মন্টু খাঁ জানান, ইঁদুরের কারণে মাড়াই করা ধান ঘরে রাখা যাচ্ছে না। একই গ্রামের আবুল হাশেম জানান, গুদামে রাখা ৫০ বস্তা ধান-চাল ইঁদুরের আক্রমণে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

শুধুমাত্র ধানেই না, বাসা-বাড়ি এবং দোকান-পাটেও ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বইপুস্তক কেটে ব্যাপক ক্ষতি করছে বলেও স্থানীয় বোনকোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নাসির উদ্দিন জানান। সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী সেলিম রেজা বলেন ইঁদুর দোকানের চাল, ডাল, আটা-ময়দা ও সুজিসহ বিভিন্ন মালামাল খেয়ে এবং কেটে ক্ষতিসাধন করছে।

এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে ওষুধ এবং বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর নিধন করা ছাড়া কোনো বিকল্প নেই।