ইত্তেফাক ডেস্ক
সারাদেশে জেঁকে বসেছে শীত। বিভিন্ন স্থানে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা দুর্ভোগে পড়েছে বেশি। গরম কাপড়ের অভাবে অসহায় পরিবারগুলো অতি কষ্টে দিন পার করছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ধামইরহাট (নওগাঁ) :নওগাঁর ধামইরহাটে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা বিপাকে পড়েছে। গরম কাপড়ের অভাবে অসহায় পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন বলেন, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারের পক্ষ থেকে প্রায় ৪ হাজার ১৪০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতের কারণে অনেকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
বদরগঞ্জ (রংপুর) :শীতের দাপটে কাতর বদরগঞ্জের ছিন্নমূল মানুষরা। গতকাল শুক্রবার দেখা গেছে, ছিন্নমূল ও খেটে কাওয়া লোকজন কাজের আশায় রাস্তার ধারে গোল করে বসে খড় ও টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, গোটা উপজেলায় ছিন্নমূল মানুষদের জন্য কম্বল বিতরণ শুরু হয়েছে। আরো কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।
নীলফামারী কিশোরগঞ্জ :নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। শীতের হাত থেকে রক্ষা পেতে মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। বুধবার রাত ৮টার দিকে নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা এলাকার ডাঙ্গাপাড়ার একরামুল হকের শিশুকন্যা ইতিমনি আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে তীব্র শীতে দুই দিনে জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ১৭৯ জন রোগী চিকিত্সাধীন রয়েছে।
কাউখালী (পিরোজপুর) :পিরোজপুরের কাউখালীতে বাড়ছে শীতের প্রকোপ। শীতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে এ উপজেলার নিম্ন আয়ের মানুষ। তাই শীতবস্ত্র কিনতে তাদের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করতে দেখা যাচ্ছে। এছাড়া উপজেলার নদীর পাড়ের মানুষের মধ্যে সবচেয়ে বেশি শীত আতঙ্ক দেখা গিয়েছে।
ঈশ্বরদী (পাবনা) :ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস জানায়, গত দুই দিন ঈশ্বরদীর তাপমাত্রা ৮.৮ ডিগ্রি হতে ১০.৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে ঘরের বাইরে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।