কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কুয়াকাটার খাজুড়া গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদের মোহনা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার সকালে স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। মহিপুর থানার কর্মকর্তা (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, লেম্বুর চরে অবস্থিত মাছ ফ্রাইয়ের ব্যবসায়ীরা তাকে নিশ্চিত করেছে যে, নিহত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিল। তবে এখন পর্যন্ত ঐ বৃদ্ধের পরিচয় জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।