বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
কনকনে শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন ১২টা পেরিয়েছে। হিম শীতল বাতাসে সবাই জবুথবু। সারা দিনের কাজের ক্লান্তির পর মাটির ছাপড়া ঘরে কোনোমতে ঘুমিয়ে পড়েছেন চা শ্রমিক পরিবারগুলো। শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের নেই শীতবস্ত্র। এমন সময় হঠাত্ দরজায় কড়া নাড়িয়ে একজন বললেন আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছেন ইউএনও।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার দিনগত রাতে বড়লেখায় চা শ্রমিকদের কষ্ট নিজের চোখে দেখতে বের হন নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় তিনি বড়লেখা উপজেলার বাহাদুরপুর ও অহিদাবাদ চা বাগানের ১৬০ পরিবারে কম্বল দেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই কম্বলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় ইউএনওর সঙ্গে ছিলেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, অহিদাবাদ চা-বাগানের ব্যবস্থাপক কাজল চন্দ্র তালুকদার প্রমুখ।