‘মন্দা কাটিয়ে আগের চেয়ে আরো শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। পাঁচ বছরের মধ্যে পৌঁছে যাবে ৫ লাখ কোটি ডলারের অর্থনীতিতে।’ শুক্রবার নিজের এমন বিশ্বাসের কথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে দেশটির ব্যবসায়ীদের সংগঠন ‘অ্যাসোচেম’র একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী দিনে তার সরকার ১০০ লাখ কোটি টাকা খরচ করবে শুধু পরিকাঠামো উন্নয়ন খাতে।
মোদি বলেন, ‘দেশের চলতি অর্থনৈতিক মন্দা নিয়ে কে কী বলছেন, তা আমার জানা আছে। আমি তাদের নিয়ে কোনো পালটা মন্তব্য করতে চাই না। শুধু বলব, এই মন্দা কাটিয়ে শিগিগরই ভারত আগের চেয়ে আরো শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে।’ তিনি মনে করিয়ে দেন, এমন অর্থনৈতিক মন্দা অতীতেও হয়েছে। কয়েকবার হয়েছে। মোদির কথায়, ‘এর আগের জমানায় (ইউপিএ) দেশের জিডিপি বৃদ্ধির হার সাড়ে তিন শতাংশে নেমে গিয়েছিল। অতীতেও নানা ওঠা-নামার মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতের অর্থনীতিকে। সব সমস্যা কাটিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ৫ লাখ কোটি ডলার অর্থনীতির দেশ হয়ে উঠবে।’
ভারতের অর্থনীতিকে ফের চাঙ্গা করে তুলতে ব্যবসার সম্প্রসারণে বিজেপি সরকারের আন্তরিকতার কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, যাতে খুব সহজেই কেউ ব্যবসা শুরু করতে পারেন আর সেই ব্যবসাকে টিকিয়ে রাখতে পারেন, সে জন্য কোম্পানি আইনকে ঢেলে সাজানো হচ্ছে।