দুই টেস্টও পাকিস্তানেই চায় পিসিবি

স্পোর্টস রিপোর্টার

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আগামী বছরের শুরুতে বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাওয়ার সঙ্গে সম্মত নয় বিসিবি। দুই টেস্ট, তিনটি টি-২০ খেলার কথা ছিল বাংলাদেশের। পিসিবি চায় দুই ফরম্যাটের পাঁচটি ম্যাচই হোক পাকিস্তানের মাটিতে।

কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়েছে, এখন পাকিস্তানে তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। টেস্ট দুটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার ইচ্ছা বাংলাদেশের। গত সপ্তাহে সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিসিবির এমন অবস্থানে নাখোশ পিসিবি। নিজেদের অবস্থানে অনড় পিসিবি। বিসিবির চাওয়া মতো দুই টেস্ট পাকিস্তানের বাইরে আয়োজনে রাজি নয় তারা। এই বিষয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা আবারও জানিয়েছে পিসিবি।

এখন দুই বোর্ডের মধ্যে চলছে চিঠি চালাচালি। শুধু তিন টি-২০ খেলার আগ্রহ জানতে পাওয়ার পর বিসিবিকে কড়া ভাষায় জবাব দিয়েছে পিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। কেন বাংলাদেশ দুটি টেস্ট বাইরে খেলতে চায়, তার কারণ বোধগম্য নয় পিসিবির। পাকিস্তানের মাটিতে নিরাপত্তার হুমকি এখন আর কোনো ইস্যু নয় বলে মনে করেন পিসিবির প্রধান নির্বাহী। 

ওয়াসিম খানের মতে, পাকিস্তান সফর করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। সফরে আসতেই হবে বাংলাদেশকে। যদি বিসিবি দল পাঠাতে না চায় তবে যৌক্তিক কারণ অবশ্যই ব্যাখ্যা করতে হবে।

করাচিতে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট চলাকালীন স্থানীয় সাংবাদিকদের ওয়াসিম খান বলেছেন, ‘বিসিবি আমাদের জানিয়েছে তারা পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলবে, কিন্তু টেস্ট খেলতে চাইছে না। আমরা জবাবে কঠোর থেকে বিসিবির কাছে জানতে চেয়েছি, কেনো তারা শুধু টি-টোয়েন্টি খেলার কথা বলছে? এখন আর আমাদের টেস্ট ক্রিকেট অন্য দেশে গিয়ে খেলার উপায় নেই।’

নিরাপত্তার বিষয়ে আইসিসির সবুজ সংকেত পেয়েছে পিসিবি। কেন টেস্ট খেলতে চায় না বাংলাদেশ, বিসিবিকে পাঠানো চিঠিতে তাই জানতে চেয়েছে পিসিবি। দুই বোর্ডের মধ্যে এখনো আলোচনা চলছে বলে উল্লেখ করেছেন ওয়াসিম খান।

পিসিবির প্রধান নির্বাহী আরো বলেছেন, ‘আইসিসি আমাদের নিরাপত্তা পরিকল্পনাকে সবুজ সংকেত দিয়েছে। শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে এই মুহূর্তে। সবকিছু এখন পর্যন্ত ঠিকই আছে। বাংলাদেশের কাছে জানতে চাওয়া যে ঠিক কী কারণে তারা টেস্ট খেলতে চাচ্ছে না। আলোচনা এখনো শেষ হয়ে যায়নি।’

যদিও লম্বা সময় দলকে পাকিস্তানে রাখতে চায় না বিসিবি। কঠোর নিরাপত্তার ঘেরাটোপের মাঝে থেকে এত ম্যাচ খেলা সম্ভব নয়। তাই তিন টি-২০ খেলেই পাকিস্তান থেকে ফিরতে চায় বাংলাদেশ দল।

আপাতত পাকিস্তান সফর বাতিল করার ইচ্ছে নেই বিসিবির। পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধু বিপিএল শেষ হওয়ার পরপরই তিন টি-২০ খেলতে তামিম-মুশফিকদের পাকিস্তান যাওয়ার কথা। ২১ জানুয়ারি উড়াল দিতে পারে বাংলাদেশ দল। যাওয়ার আগে দেশের মাটিতে দলগত কোনো অনুশীলন ক্যাম্প হবে না টাইগারদের।