এবার ছিটকে গেলেন বাভুমা

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগে আগেই বড়ো ধাক্কা খেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কোমরের ইনজুরির কারণে ইংল্যান্ডের আসন্ন বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান তেম্বা বাভুমা। সেঞ্চুরিয়নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

এরই মধ্যে বাভুমার কোমরে স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্টে জানা গেছে, কোমরের নিচের পেশিতে গ্রেড ওয়ান চোট পেয়েছেন বাভুমা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান চিকিত্সক শোয়াইব মাঞ্জরা জানান, সুস্থ হয়ে মাঠে ফিরতে সাত থেকে ১০ দিন সময় লাগবে বাভুমার। এসময় পুনর্বাসনে থাকবেন বাভুমা।

এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘প্রথম টেস্টের জন্য বাভুমার সম্ভাব্য বদলি খেলোয়াড়ের নাম এ সপ্তাহে জানানো হবে।’ দেশের হয়ে ৩৯ টেস্টে একটি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৮১২ রান করেছেন ২৯ বছর বয়সি বাভুমা।-বাসস