বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় প্রয়াস প্রাঙ্গণে বিশেষ শিশুদের অনুভূতিসমূহকে প্রাকৃতিকভাবে উদ্দীপ্ত করার জন্য গত বৃহস্পতিবার সেন্সরি গার্ডেনের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত এই গার্ডেনের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ পরিকল্পনা মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নবনির্মিত সেন্সরি গার্ডেনটির বিভিন্ন উপকরণ ও ব্যবস্থাপনাসমূহ ঘুরে দেখেন। যুগোপযোগী সহজ ব্যবহারযোগ্য উপকরণসমূহ ব্যবহার করে বিশেষ শিশুদের থেরাপি দান পদ্ধতি দেখে তারা মুগ্ধ হন এবং সকলেই এর প্রশংসা করেন। প্রয়াসের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সেন্সরি গার্ডেনটির নির্মাণকাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এবং প্রয়াসের যৌথ আর্থিক সহযোগিতায় জুন-২০১৯-এ সম্পন্ন হয়।
প্রয়াস হলে প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে প্রয়াসের সকল কার্যক্রম এবং বিশেষ শিক্ষার্থীদের প্রতিভার অকুণ্ঠ প্রশংসা করেন।