গ্রেফতার পুলিশ সদস্য পাঁচ দিনের রিমান্ডে

ভারতে তথ্য পাচারের অভিযোগ

যশোর অফিস

বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার পুলিশ সদস্য দেব প্রসাদ সাহার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক সাইফুদ্দিন হুসাইন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার দেব প্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলার সুরেন্দ্রনাথ সাহার ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘আমরা রিমান্ডে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। পুলিশ হেডকোয়ার্টার্স মামলাটি সরাসরি তদারক করছে।’

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, গত ১৭ ডিসেম্বর দেব প্রসাদ সাহাকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হলে বিচারক ১৯ ডিসেম্বর  শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো জানান, গ্রেফতার হওয়া সেনাসদস্য শাহনেওয়াজ ও অফিস সহকারী আবু হানজালার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ভারতে পাচারের বিষয়টি দেব প্রসাদ স্বীকার করায় তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে প্রতীয়মান হয়। সে কারণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য দেব প্রসাদ সাহাকে আটকের পর মামলা দিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ঢাকার কমলাপুরের একটি হোটেল থেকে ডিজিএফআই ও র্যাবের হাতে সৈনিক শাহনেওয়াজ শাহিন আটক হন। এ সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি পেনড্রাইভ উদ্ধার হয়, যাতে ভারতের কাছে তথ্য পাচারের বেশকিছু প্রমাণ মেলে। বিষয়টি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অনুসন্ধানে নামে পুলিশ হেডকোয়ার্টার্স। তদন্তে তাদের মোবাইল ফোনের কললিস্ট ও ভারতের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফের সঙ্গে কথোপকথনের মাধ্যমে ভারতে বাংলাদেশের তথ্য পাচারের বিষয়টি উঠে আসে।