বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামি জাবের আলীকে (৪৫) ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের ঐ ঘটনায় পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত আসামিসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ নভেম্বর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মোবারক হোসেন বটতলী বাজারে গেলে জাবেরসহ তার বাহিনীর সদস্যরা তাকে পিটিয়ে জখম করে। ঐ ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী নাজমা বিবি বাদী হয়ে জাবের আলীসহ ১০ জনকে আসামি করে বাগমারা থানায় মামলা করেন। এতে জাবের আলী ক্ষিপ্ত হয়ে এলাকায় বিভিন্ন স্থানে হামলাসহ নানা ধরনের তাণ্ডব চালাতে শুরু করেন। পুলিশ জাবেরকে গ্রেফতারের জন্য মাঠে নামে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে থানায় আনার সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে দুই পুলিশকে আহত করে জাবেরকে ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।