রাবিতে সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি’ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।

কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানী দূতাবাসের কালচারাল কাউন্সেলর ড. সাঈদ হাসান সিহাত।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘ভালো মানুষ হিসেবে মানবিক গুণাবলীর উন্মেষ ঘটানোর জন্য সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এই জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও সাতটি দেশের গবেষকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাজীবীরা অংশ নেন। এ সম্মেলনে তিনটি প্লেনারি স্পিচসহ ২১টি একাডেমিক সেশনের অধীনে ১২৩টি প্রবন্ধ উপস্থাপিত হবে। ইংরেজি বিভাগের শিক্ষক রুবাইদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধি, অনুষদের শিক্ষক, গবেষক, সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী ও উন্নয়নকর্মী, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।